খাগড়াছড়িতে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ

0
84

এক মারমা স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় খাগড়াছড়ির গুইমারায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। নিহত তিনজনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা এবং তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

নিহতরা হলেন- তৈইচিং মারমা (২০), রামসু বাজার এলাকার আলাকাই মারমার ছেলে, আথুইপ্রু মারমা (২১), আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে, আখ্রাউ মারমা (২২), চেংগুলি পাড়ার হাসু মারমার ছেলে।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ জানান, সহিংসতায় আরও ১০ জন আহত হয়েছেন, যাদের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার খাগড়াছড়িতে এই উত্তেজনা শুরু হয়, যখন মঙ্গলবার রাতে ‘অচেতন অবস্থায়’ এক মারমা কিশোরীকে ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন একসময় সহিংস রূপ নেয়, যার ফলশ্রুতিতে গুইমারায় গুলিতে এই তিনজন নিহত হন।