এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের জয়ের পর তাদের আচরণের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় এই বিতর্ক আরও বেড়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রশিদ লতিফ ভারতকে ক্রিকেট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, এসিসি প্রধান হলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে টিম ইন্ডিয়া ট্রফি নেবে না। কথা অনুযায়ী, নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে থাকা সত্ত্বেও ভারতীয় দল ট্রফি গ্রহণ করেনি। শেষ পর্যন্ত ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবরা ট্রফি ছাড়াই জয় উদযাপন করেন।
ভারতের এই কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে সাবেক ক্রিকেটার রশিদ লতিফ সামাজিক মাধ্যমে তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন: “এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। অন্য কোনো খেলায় তাই হত। কিন্তু আইসিসি’র চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। ফলে সেটা হবে না। ক্রিকেটের জন্য কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করা হল।”
অন্যদিকে, পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শোয়েব মালিক ভারতের জন্য কিছুটা সহানুভূতি দেখিয়েছেন। তাঁর বক্তব্য, ভারতীয় খেলোয়াড়দের ওপর “খুব চাপ ছিল” ফাইনাল জেতার জন্য। কিন্তু ট্রফি জেতার পর সেটি হাতে না পাওয়ায় তিনি খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন:
“আজ হয়তো এটা নিয়ে খুব লাফালাফি করছে। কিন্তু কয়েক বছর এই সিদ্ধান্ত নিয়ে ওরা চিন্তা করতে বাধ্য হবে। মনখারাপ হবে। ভাববে যে এত কষ্ট করে জিতলাম। কিন্তু ট্রফি পেলাম না।”
এই ঘটনা ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাবকে আরও একবার সামনে নিয়ে এল।

