‘দেশটা কারো বাপের না, রাষ্ট্র সবার’: ডিআইজি মঞ্জুর মোর্শেদ

0
119

পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম মন্তব্য করেছেন যে, “এই দেশটা কারো বাপের না, দেশটা আমার–আপনার সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বরগুনা পৌরশহরের সর্বজনীন আখরাবাড়ী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। তিনি সন্তোষ প্রকাশ করে জানান, এবারও পূজা “ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে” পালিত হচ্ছে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপ বেড়েছে—এটি একটি ইতিবাচক দিক। মো. মঞ্জুর মোর্শেদ আলম জোর দিয়ে বলেন, “এখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক।” তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় বরগুনার পুলিশ সুপার মো. আল–মামুন শিকদার, সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বরগুনায় এ বছর মোট ১২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বেতাগীতে ৩০টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৪টি এবং পাথরঘাটায় ৪০টি মন্দিরে পূজা উদযাপিত হচ্ছে।