নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে: আইজিপি

0
53

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচনের আগে দেশের বাইরে থেকেও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে। তিনি জানান, পুলিশ এ বিষয়ে সতর্ক এবং নির্বাচন পরিচালনার জন্য পুলিশের সক্ষমতা রয়েছে। ইতিমধ্যেই দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ির সাম্প্রতিক সহিংসতা নিয়ে আইজিপি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে বাহারুল আলম বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলোতে ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের বিপত্তি তৈরি হয়নি এবং পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বোচ্চ কাজ করছে।

এদিকে, র‍্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার ধানমন্ডিতে পূজামণ্ডপ পরিদর্শনকালে জানান, শারদীয় দুর্গোৎসব ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি গুজব না ছড়াতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে।