এশিয়া কাপ ব্যর্থতা: ভক্তদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস

0
63

নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হওয়া এশিয়া কাপে বাংলাদেশ কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। দলীয় ব্যর্থতা এবং নিজের চোট মিলিয়ে স্বস্তিতে নেই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে, শিগগিরই সমর্থদের প্রতিদান দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তারকা ক্রিকেটার।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এবারের এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের চ্যালেঞ্জ পেরিয়ে সুপার ফোর পর্বে ওঠার পর তাদের সামনে ফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল। কিন্তু অলিখিত সেমিফাইনালে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পরও ব্যাটিং ব্যর্থতায় দল হেরে যায়। ফলে আরও একটি বড় টুর্নামেন্ট হতাশা নিয়েই শেষ করে বাংলাদেশ।

এশিয়া কাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। তিনি বলেন: “২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

বাংলাদেশর পরাজয়ের অন্যতম কারণ ছিল লিটনের খেলতে না পারা। বিশেষ করে সুপার ফোর পর্বে সাইড স্ট্রেইনের কারণে তিনি ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন জাকের আলি, এবং দুই ম্যাচেই লিটনের নেতৃত্ব, কিপিং ও ব্যাটিংয়ের অভাব প্রকটভাবে ফুটে উঠেছিল।

চোটের কারণে আফগানদের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না লিটন। এই বিষয়ে তিনি বলেন: “ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুই ম্যাচ খেলতে না পারা ছিল হৃদয় ভেঙে যাওয়ার মতো। একই কারণে সামনের আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না আমি। সেরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পারিনি। এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে।”

হতাশার পাশাপাশি লিটন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন: “টুর্নামেন্টজুড়ে উপচেপড়া সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ক্রীড়াবিদ হিসেবে আমরা আপ্লুত যে, বিশ্বের সেরা সমর্থক আমাদের। আশা করি, আপনাদের যা প্রাপ্য, খুব দ্রুতই তা উপহার দিতে পারব।”