জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

0
49

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনি বাধা নেই এবং এটি জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালী পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনের যে সকল ব্যক্তি বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে। তিনি বিশ্বাস করেন, নির্বাচন সামনে রেখে তারাই একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিজেদের নিরাপত্তাহীন মনে করে, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করে এবং দেশের জন্য জীবন উৎসর্গ করে।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং আরও অনেক সিনিয়র সাংবাদিক ও স্থানীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।