নারীদের বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেলে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে তারা ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে। বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশকে ৫০ ওভারে ১৩০ রান করতে হবে।
ব্যাট করতে নামা পাকিস্তানের মেয়েদের শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে মারুফা আক্তার বোল্ড করেন ওমাইমা সোহাইলকে। গোল্ডেন ডাক মেরে ফেরেন তিনি। পরের বলেও নতুন ব্যাটার সিদরা আমিনকে বোল্ড করেন মারুফা। ফলে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে পাকিস্তান ভীষণ চাপে পড়ে যায়।
মুনিবা আলী ও রামিন শামীম ৪২ রানের জুটি গড়ে প্রতিরোধের আভাস দেন। কিন্তু ৪৪ রানের মাথায় মুনিবাকে (১৭ রান) ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদা আক্তার। ৪৭ রানের মাথায় সর্বোচ্চ ২৩ রান করা রামিনাকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান নাহিদা।
এরপর সিদরা নওয়াজ ও আলিয়া রিয়াজ দলীয় সংগ্রহকে ৬৭ পর্যন্ত টেনে নেন। এই রানে নওয়াজ (১৫ রান) রাবেয়া খানের বলে আউট হন। ৯১ রানের মাথায় আলিয়া রিয়াজ (১৩ রান) নিশিতা আক্তার নিশির বলে মারুফার হাতে ক্যাচ দিয়ে আউট হন। পাকিস্তানের রান যখন ১০০, তখন ফাতিমা সানাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান ফাহিমা খাতুন।
ইনিংসের শেষদিকে পাকিস্তানি ব্যাটারদের ওপর আঘাত হানেন শর্না আক্তার। তিনি ১১৩ রানের মাথায় নাতালিয়া পারভেজকে (৯ রান) উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতির গ্লাভসবন্দি করেন। পরের ওভারে এসে শর্না ১১৫ রানের মাথায় নাশরা সান্ধুকে হিট উইকেট আউট করে ফেরান। ১২৯ রানের মাথায় সাদিয়া ইকবালকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের সমাপ্তি ঘটান শর্না।
বল হাতে শর্না আক্তার ছিলেন দুর্দান্ত; তিনি ৩.৩ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া, নাহিদা ৮ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট এবং মারুফা ৭ ওভারে ৩১ রানে ২টি উইকেট শিকার করেন। নিশি, ফাহিমা ও রাবেয়া নেন ১টি করে উইকেট।

