পিআরের দাবিদাররা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে: সালাহউদ্দিন

0
72

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থা নিয়ে যারা আন্দোলন করছে, তাদের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেছেন যে, আন্দোলনকারীদের অনেকেই অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস জুগিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ পিআর ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন, পিআর মানেই হলো ‘পার্মানেন্ট রেস্টলেসনেস’ (Permanent Restlessness)। তাঁর মতে, যেসব দেশে পিআর ব্যবস্থা চালু আছে, সেখানে সবসময় একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে। এমন একটি ব্যবস্থাকে আহ্বান জানানো যায় না বলে তিনি মনে করেন।

তিনি অভিযোগ করেন, পিআর পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না, কারণ কে এমপি হবেন তা ঠিক করবেন “আমির সাহেব বা মজলিসে শূরা।” তিনি পিআর আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের প্রতি আহ্বান, জনগণকে বিভ্রান্ত করবেন না।”

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করার জন্য যারা পিআর ইস্যু নিয়ে আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন বানচাল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে।

তিনি গণতান্ত্রিক আবহে জনগণকে বিভ্রান্ত করার কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন, কারণ এতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার আশঙ্কা আছে।

তবে তিনি জামায়াতের নেতৃত্বে কিছু দলের কর্মসূচির সমালোচনা না করে বলেন, এটি রাজনৈতিক চর্চা। জনগণ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। তিনি উল্লেখ করেন, বিএনপিও ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, যা ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এছাড়া, সালাহউদ্দিন আহমদ গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা জানান এবং জাতিসংঘকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।