‘তদন্ত ছাড়া মামলা নিলে পরিণতি ভালো হবে না’: পুলিশকে জামায়াত নেতার হুঁশিয়ারি

0
48

জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. নজরুল ইসলাম ‘তদন্ত না করে একজন রাজনৈতিক নেতা ও মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়ার’ অভিযোগ তুলে পুলিশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে ‘সোজা পথে’ চলতে বলেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর ঢাকার নবাবগঞ্জ শাখার সেক্রেটারি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে এক পথসভায় নজরুল ইসলাম এই মন্তব্য করেন।

ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় তাঁরা প্রশাসনের কাছে গিয়েছিলেন এবং পরিষ্কারভাবে জানিয়েছিলেন, “কোনো রাজনৈতিকহীন উদ্দেশ্যে যদি অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত ছাড়াই যদি আপনারা তা গ্রহণ করেন, তার কনসিকোয়েন্স (ফলাফল) কিন্তু ভালো হবে না।”

তিনি আরও বলেন, “আমরা প্রশাসনকে বলেছিলাম, কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না। যদি সেটা করেন, আমরা কিন্তু তা মেনে নেব না।” তাঁর অভিযোগ, “রাতের অন্ধকারে একটি মহলের ইশারায় টাকার বিনিময়ে মাওলানা মোহাম্মদ আলীর মতো একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো।”

নজরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনৈতিক ময়দান শান্ত আছে। শান্ত থাকতে দিন। না হলে পরিণতি ভালো হবে না।” তিনি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও বলেন, “না হলে আপনারা যারা এর সঙ্গে জড়িত, তাদের পেছনের দরজা দিয়ে পালাতে হবে।”

নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।