ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (Global Sumud Flotilla) আরোহীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে আটক নৌবহরের কয়েকজন কর্মী, বিশেষ করে তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা, আটক হওয়ার মুহূর্ত থেকেই অনশনে গেছেন।
শুক্রবার ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, তিউনিসিয়ার অংশগ্রহণকারীরা দখলকৃত ফিলিস্তিনের আশদোদ বন্দরে পৌঁছার পর থেকেই অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। বৃহস্পতিবার সেখান থেকে তাদের নেগেভ মরুভূমির কেতসিওত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁরা অবৈধ বিচারের অপেক্ষায় আছেন।
তিউনিসিয়ান অংশগ্রহণকারীরা জানিয়েছেন, মুক্তি পাওয়ার এবং তাঁদের বার্তা বিশ্বব্যাপী পৌঁছানোর আগ পর্যন্ত এই অনশন চলবে। বিবৃতিতে বলা হয়, বন্দি তিউনিসিয়ানদের এই অটল অবস্থান অবরুদ্ধ গাজার সংগ্রামেরই সম্প্রসারণ। তাঁরা দৃঢ়তার সাথে বলেছেন, “আমরা এক অদম্য জাতির ইচ্ছাশক্তি বয়ে বেড়াচ্ছি। অবৈধ বিচার বা উদ্দেশ্যমূলক অনাহার আমাদের সংকল্প ভাঙতে পারবে না।”
বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪৪টি নৌযান দখল করে ৫০টিরও বেশি দেশের ৪৭০ জনেরও বেশি কর্মীকে আটক করে। নৌবহরের উদ্দেশ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলি অবরোধ ভেঙে দেওয়া।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

