সিরাজগঞ্জে মন্দিরে চুরি: ২ জন গ্রেপ্তার

0
57

সিরাজগঞ্জ শহরের একটি মন্দির থেকে চুরির ঘটনায় মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যেই জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া পিতলের প্রদীপ  উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে শহরের ২ নম্বর খলিপাপট্টি ও মাড়োয়ারিপট্টি দুর্গামাতার মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল ৪টায় থানায় মামলা দায়ের হওয়ার পর সন্ধ্যা ৬টার মধ্যেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন:মো. খোকন (পুরাতন ভাঙ্গাবাড়ি মসজিদপাড়া এলাকার আখতারের ছেলে) ও মোহাম্মদ নজরুল ইসলাম (নবদ্বীপ পুল এলাকার ভাঙ্গারি দোকান ‘নিপা এন্টারপ্রাইজ’-এর মালিক)

মন্দির কমিটির সভাপতি অরুণ কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত খোকনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

খোকন জিজ্ঞাসাবাদে চুরির দায় স্বীকার করে এবং জানায় যে সে চুরি করা পিতলের প্রদীপটি নিপা এন্টারপ্রাইজ নামে একটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় ওই ভাঙারি দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয় এবং দোকান মালিক মোহাম্মদ নজরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।