বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তারা বাড়ি ভাতা বাবদ মাসে ১ হাজার ৫০০ টাকা পাবেন।
রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষর করেন। পরিপত্রটি গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে অনুমোদন দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।”
এ ভাতা প্রদানের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
এছাড়া, প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকেই ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয়কে চার কপি জিও (গভর্নমেন্ট অর্ডার) অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে পৃষ্ঠাংকনের জন্য।

