জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের মূল বিষয়বস্তু, বাস্তবায়ন পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফা বৈঠক শেষে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশন একটি প্রায় চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করেছে।
সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুততম সময়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ থেকে উল্লেখযোগ্য সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমের সমর্থনও কমিশনের কাজকে গতিশীল করেছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন।

