আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
64

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় জামিনে থাকা শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন জেলা জজ আদালত।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি)-এর আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া ছয়টি মামলায় উচ্চ আদালত থেকে এবং সর্বশেষ আরও একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা দায়রা আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেশত্যাগ করছেন বলে ব্যাপক গুঞ্জন ও তোলপাড় শুরু হয়।

এই গুঞ্জন ও সমালোচনার প্রেক্ষিতে সোমবার বিকেলে রাষ্ট্রপক্ষ বিশেষ আবেদন করে জানায় যে, জামিনে থাকা চন্দন কুমার পাল যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। তাই তার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়। শুনানি শেষে বিচারক রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

এদিকে, চন্দন কুমার পালের জামিন ও দেশত্যাগ ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপি’র অপসারণসহ সাত দফা দাবিতে সোমবার সকাল ৯টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পরিবেশ স্বাভাবিক করতে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং আন্দোলনকারীদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।