‘আয়নার মতো স্বচ্ছ’ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি সিইসি’র

0
54

সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে জাতি ও জনগণের কাছে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই।’

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুভেচ্ছা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, গণমাধ্যমের সহযোগিতা ছাড়া নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব নয়। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

গুরুত্বপূর্ণ কিছু নির্বাচনী উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যাদের অনেকেই পূর্বে ভোট দিয়ে যেতেন। এবার নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী এবং প্রবাসীদের ভোটের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে। নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।

এদিন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন। দুপুরে পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গেও সংস্থটি সংলাপে বসবে। এছাড়াও, আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এবং পরবর্তীতে জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসার কথা রয়েছে ইসির।