ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকা বার্নার্ড জুলিয়ান মারা গেছেন

0
71

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার এবং ১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপজয়ী তারকা বার্নার্ড জুলিয়ান ৭৫ বছর বয়সে মারা গেছেন। উত্তর ত্রিনিদাদের শহর ভালসেনে তার মৃত্যু হয়েছে।

১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ শিরোপা জেতাতে জুলিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেন। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বে ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে দলকে ফাইনালে নিয়ে যেতে বড় অবদান রাখেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি ৩৭ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।

জুলিয়ান ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ম্যাচ এবং ১২টি ওয়ানডে খেলেছেন। লাল বলের ক্রিকেটে তিনি ৮৬৬ রান এবং ৫০টি উইকেট নিয়েছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ ৮৬ রান এবং ১৮টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুইটি বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড জুলিয়ানকে শ্রদ্ধা জানিয়েছেন। লয়েড বলেন, “সে সবসময় দলের জন্য এক শ শতাংশেরও বেশি নিংড়ে দিত। সে কখনো তার কর্তব্য এড়িয়ে যায়নি, এবং আমি সবসময় ব্যাটিং এবং বোলিংয়ে তার ওপর ভরসা করতাম। সে সবসময়ই তার সর্বস্ব দিত। কী দুর্দান্ত ক্রিকেটার ছিল! আমরা সবাই তাকে শ্রদ্ধা করতাম।”

লয়েড আরও বলেন যে জুলিয়ান নিজেকে উপভোগ করতেন এবং আশেপাশের সবার কাছে প্রিয় ছিলেন।