মানবতাবিরোধী অপরাধ ও হত্যা মামলায় হানিফসহ ৪ আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
51

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন।

মাহবুবুল আলম হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন: কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আদেশের শুরুতে ট্রাইব্যুনাল বলেন, ‘এই মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে।’

অভিযোগ আমলে নেওয়ার পর পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনাল আগামী ১৪ অক্টোবর এই পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছেন। মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।