শহরাঞ্চলে প্রাইমারি হেলথ কেয়ার দুর্বল: স্বাস্থ্য সচিব

0
68

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান মন্তব্য করেছেন যে দেশের শহরাঞ্চলে প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্যসেবা অনেক দুর্বল। তিনি বলেন, “আমরা আরবানে (শহরে) স্বাস্থ্যসেবা দিতে পারি না। এখানে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল।” তিনি এই সমস্যা কাটিয়ে উঠতে গণপূর্তের কাছে কিছু জমি চেয়েছেন বলেও জানান।

সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সদস্যদের জন্য চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিআরইউ’র পক্ষ থেকে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে পৃথক কমিউনিটি ক্লিনিক করার দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেকোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার সুযোগ তৈরির দাবি জানান সংগঠনের নেতারা।

সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য সচিব বলেন, “আপনারা বলেছেন আমার ক্ষমতা অনেক। আমি ক্ষমতা মনে করি না, এটি দায়িত্ব।” তিনি আশ্বাস দেন যে তারা দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং দাবিগুলো প্রক্রিয়া অনুযায়ী এলে তা বিবেচনা করা হবে। তিনি নিবন্ধন করলে অনুদান দেওয়া সহজ হবে বলেও উল্লেখ করেন।

স্বাস্থ্য সচিব স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের সহায়তায় এই প্রোগ্রামের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের এত বড় জনগোষ্ঠীকে একা সরকারের পক্ষে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। তাই দেশের চিকিৎসা সেবায় এনজিওগুলোর ভালো ভূমিকা রাখার সুযোগ আছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এনজিওগুলোর সহায়তা পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, দীর্ঘ সময় কম্পিউটার, মোবাইল ও ক্যামেরার সামনে কাজ করার কারণে সাংবাদিকদের চোখে ক্লান্তি, ঝাপসা দেখা, জ্বালা এবং দৃষ্টিশক্তি হ্রাসের মতো সমস্যা বাড়ছে। সদস্যদের সমস্যার কথা চিন্তা করেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সংগঠনের নেতারা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের পরিচালক ও প্রেসিডেন্ট বক্তব্য রাখেন।