জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি তাদের শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে এবং এ বিষয়ে কোনো বিকল্প বিবেচনা করছে না দলটি।
সোমবার দুপুরে নাটোর জেলা কমিটির আয়োজনে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ না করে এবং কোনো চাপ বা প্রভাবে শাপলা প্রতীক এনসিপিকে না দেয়, তবে কমিশনের ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান যেন এনসিপি সম্মানের সঙ্গে প্রতীক নিয়ে জনগণের কাছে যেতে পারে। একই সঙ্গে যেসব প্রতীক হাস্যরস সৃষ্টি করে বা বিভ্রান্তি তৈরি করে, সেগুলোকে বাদ দেওয়ার দাবি জানান।
বক্তব্যে তিনি পার্বত্য জেলার পরিস্থিতি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে সতর্ক বার্তা দেন। সারজিস আলম জানান, পার্বত্য তিন জেলা বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করা হবে না। যারা দেশের ভেতর বা বাইরে থেকে ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে জনগণ ও সব রাজনৈতিক দলের সহযোগিতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নাটোর জেলা প্রধান সমন্বয়ক এস.এম. জার্জিস কাদির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সংগঠক ফয়সাল আহমেদ, জেলা সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ-সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

