সিরাজগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেপ্তার

0
64

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে আরব আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আরব আলী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর জাজুরিয়া গ্রামের দানেজ আলীর ছেলে।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্ত্রী হত্যার দায়ে আরব আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

জানা যায়, গত শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে পারিবারিক কলহের একপর্যায়ে আরব আলী তার স্ত্রী আরজিনা খাতুনকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর তিনি প্রতিবেশীদের জানান যে, স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

তবে, আরজিনা খাতুনের জানাজা ও দাফনের প্রস্তুতি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় জখমের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হলে তারা আরব আলীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের চাচা মোহাম্মদ বাদশা মিয়া চৌহালী থানায় একটি মামলা দায়ের করেছেন।