আজ নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ

0
39

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের পরামর্শ নিয়ে ভোটের কৌশল চূড়ান্ত করার লক্ষ্যে মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গতকাল (৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন।

সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে সংস্থাটি। এই বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেলে ইসি নারী নেত্রীদের সঙ্গে বসবে। দুই বেলার এই সংলাপে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

নির্বাচন আয়োজনকারী সংস্থাটি গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করে। প্রথম দিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। এর ঠিক পরদিন, ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সভা করেছে কমিশন।

আজকের বৈঠকের পর ইসি পরবর্তীতে জুলাই যোদ্ধা এবং সবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে। মূলত অংশীজনদের দেওয়া পরামর্শগুলো আসন্ন ভোটে বাস্তবায়ন করাই ইসির এই আয়োজনের মূল লক্ষ্য।