চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত, আহত ১

0
59

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় আবদুল হাকিম একটি প্রাইভেট কারে চড়ে রাউজান থেকে চট্টগ্রামের দিকে ফিরছিলেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আবদুল হাকিমকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ প্রাথমিক তথ্যে জানতে পেরেছে, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।

নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকায় হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী ছিলেন। পাশাপাশি তাঁর ভেষজ পণ্য ও বালুর ব্যবসাও ছিল।