গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার আট দিন পর পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন বলে নিশ্চিত করেছেন নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের বড় ভাই মুস্তাকিন বিশ্বাস।
গত ২৮ সেপ্টেম্বর ভোরে ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সর্বশেষ ১ অক্টোবর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ হয়, এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।
নিখোঁজ জেলেরা হলেন— মিলন বিশ্বাস, সুমন হাওলাদার, বাবুল মাঝি, মনির সিকদার ও রুবেল হাওলাদার।
নিখোঁজ জেলে মিলন বিশ্বাস জানান, গভীর সমুদ্রে হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি স্রোতে ভেসে সুন্দরবন এলাকায় চলে যায়। ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় তারা সেখানে নোঙর করে অবস্থান করেন। দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে একটি তীরে গিয়ে ইঞ্জিন মেরামত করার পর তারা সোমবার (৬ অক্টোবর) বাড়ি ফিরে আসেন।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ সেপ্টেম্বর সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়ে পাঁচ জেলে নিখোঁজ হন এবং তাদের পরিবার মহিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। তিনি জানান, ঝড়ের তোড়ে তারা ভেসে সুন্দরবন এলাকায় চলে গিয়েছিলেন।

