বিসিবি নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে ৪৮ ক্লাবের ক্রিকেট বর্জনের ঘোষণা

0
44

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে দেশের ৪৮টি ক্লাব ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে। নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে ক্লাবগুলো নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও অবৈধ সভাপতি দাবি করেছে।

শুরু থেকেই নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ করে আসা এই বিদ্রোহ করা ক্লাবগুলোর পক্ষে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান এই ঘোষণা দেন।

বিসিবি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার ক্লাব সংগঠকরা তাদের তিনটি প্রধান শর্ত জানিয়েছিলেন এবং একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের মূল দাবিগুলো ছিল:

১. বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা।
২. বিকল্প হিসেবে একটি অ্যাডহক কমিটির কাছে বোর্ডের দায়িত্ব হস্তান্তর করা।
৩. পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

তাদের দাবি না মানা হলে তারা ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় নির্বাচন স্থগিত না করায় আজ ঢাকার এই ক্লাব কর্তারা সব ধরনের ক্রিকেট বর্জনের চূড়ান্ত ঘোষণা দিলেন।

এছাড়া, নির্বাচনের আগে নিজেদের ‘বিদ্রোহী ক্লাব সংগঠক’ বলায় তারা আপত্তি জানিয়েছেন।