ঢাকায় রাষ্ট্রদূতদের গোপন বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন সেটা তাদের নিজস্ব বিষয় এবং এ নিয়ে বিএনপি কোনো চিন্তা করে না। তিনি বলেন, কারও বাসায় বৈঠক করলে রাজনীতিতে কিছু আসে যায় না।
আজ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “তাঁরা বৈঠক করবেন, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে।”
কূটনীতিকদের বৈঠক বিএনপির জন্য গুরুত্বপূর্ণ কি না—এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, “না, গুরুত্বপূর্ণ কেন? কারও বাসায় মিটিং করলে রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে গেল! রাজনীতি এত সহজ ব্যাপার নাকি? কারও বাসায় মিটিং করলাম, আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল!”
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ কী চায় সেটাই বড় প্রশ্ন। রাজনীতিকে বাধা-বিপত্তির বাইরে এনে প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “গণভোট, সংস্কার বা ঐকমত্য কমিশন—যাই বলা হোক না কেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে তার বাইরে কোনো আলোচনা হবে না। নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের কাছে যেতে হবে।”
এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসভবনে নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতেরা অতি গোপনীয়তায় বৈঠক করেছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

