নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ আ. লীগের পাঁচ নেতা গ্রেফতার

0
86

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া অন্যরা হলেন—ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের (২২), মিরপুর মডেল থানা ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. তানভীর ইসলাম (৩০), দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিমানবন্দর থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন (৫৭) এবং মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আমজাদ হোসেন রাজন (৪৪)।

ডিবি সূত্রের তথ্যমতে, বুধবার রাত ৭টা ৩০ মিনিটে রামপুরা থানার ডিআইটি রোড এলাকা থেকে আবু নাঈম জুবেরকে এবং রাত ১১টা ৩০ মিনিটে মিরপুরের মুক্ত বাংলা এলাকা থেকে তানভীর ইসলামকে গ্রেফতার করা হয়।

একই সময়, ডিবির উত্তরা বিভাগ কাওলা এলাকা থেকে সৈয়দ সাজ্জাদ হোসেনকে এবং বিকাল ৩টা ৩০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে আমজাদ হোসেন রাজনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ।

সবশেষে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মোহাম্মদপুর থানার এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।