চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে বিধ্বস্ত করে শেষ আটের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ২০২৩ সালে ঘরের মাঠে নাইজেরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার প্রতিশোধ নিয়েছে আকাশি-নীলরা। ৪-০ গোলের দাপুটে জয়ে আর্জেন্টিনা ২০১১ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠলো।
টুর্নামেন্টজুড়েই আর্জেন্টিনা দাপট দেখিয়েছে। গ্রুপ পর্ব ও শেষ ষোলো মিলিয়ে চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। সব মিলিয়ে ১২ গোল করেছে এবং হজম করেছে মাত্র ২ গোল।
নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা আজ ম্যাচের ১ মিনিট ৬ সেকেন্ডে গোলের সূচনা করে, যা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল। বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো এই রেকর্ড গোলটি করেন। এর আগে ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনি ২ মিনিটে গোল করেছিলেন।
প্রথম গোল: আলেহো সারকো (১ মিনিট ৬ সেকেন্ডে)।
দ্বিতীয় গোল: ২৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার মাহের কারিজ্জো।
তৃতীয় গোল: দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৮ মিনিট পর, ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন কারিজ্জো।
চতুর্থ গোল: ৬৬ মিনিটে ডান প্রান্তে প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন উইঙ্গার মাতেও সিলভেত্তি।
রোববার বাংলাদেশ সময় ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এদিকে, আর্জেন্টিনার জাতীয় দল দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপে উঠেছে আলবিসেলেস্তেরা। বাছাইপর্বের সব ম্যাচ শেষে এবার তারা শুধু প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে। আর্জেন্টিনা আগামী ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

