আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি কোচ এবং সাবেক ফুটবলার মিগুয়লে অ্যাঞ্জেল রুশো আর নেই। প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গতকাল (বুধবার) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
ইউরোপের কোনো নামিদামি ক্লাবের ডাগআউটে না বসলেও, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে রুশো কিংবদন্তি কোচ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। জীবনের শেষ দিন পর্যন্তও কোচিংই ছিল এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডারের ধ্যান-জ্ঞান।
১৮৮৯ সালে লানোস দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন রুশো। দীর্ঘ ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে তিনি আর্জেন্টিনার জনপ্রিয় সব ক্লাবের কোচিং করিয়েছেন। এর মধ্যে রয়েছে রোজারিও সেন্ট্রাল, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব ও সান লরেঞ্জো।
রোজারিও সেন্ট্রাল: রুশো সবচেয়ে বেশি পাঁচবার এই ক্লাবটির দায়িত্ব পালন করেছেন।
বোকা জুনিয়র্স: বোকা জুনিয়র্সের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। গত জুনে তিনি তৃতীয়বারের মতো ক্লাবটির ডাগআউটে ফেরেন। রুশোর অধীনেই বোকা জুনিয়র্স ক্লাব বিশ্বকাপ খেলেছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রুশো বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন, এরপরও বোকা জুনিয়র্সের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল।
কিংবদন্তি কোচের মৃত্যুতে বোকা জুনিয়র্স শোক প্রকাশ করে এক বিবৃতিতে লিখেছে, “রুশো আমাদের ক্লাবে এক অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। সর্বদা তিনি এই ক্লাবে আনন্দ, উষ্ণতা এবং নিষ্ঠার উদাহরণ হয়ে থাকবেন।”
বোকা জুনিয়র্স ও উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি ইনস্টাগ্রামে লিখেছেন, “আমাদের সবাইকে ‘সাহস’ নামক একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর জন্য রুশোকে ধন্যবাদ।”
১৯৮৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় রুশোর। দেশের জার্সিতে তিনি ১৭টি ম্যাচ খেলে একবার জালের দেখা পান। ক্লাব ক্যারিয়ারে এস্তুদিয়েন্তেসের হয়ে তিনি ৪১৮ ম্যাচে ১১ গোল করেছিলেন।

