ভারতের ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারির বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

0
44
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওনকুমার তুলসিদাস বাদে এবং দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন।
পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইমিগ্রেশন অফিসাররা উপস্থিত ছিলেন।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রেজা জানান, “বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার এবং দ্বিতীয় সেক্রেটারি ভারতে যাওয়ার পথে বেনাপোলে আসেন। এরই সুযোগে তারা বেনাপোল বন্দর ও নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। পরে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে পেট্রাপোলের উদ্দেশে রওনা দেন।”