সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার

0
45

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন জানান, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনার পর তা হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তির একটি হাত প্রায় বিচ্ছিন্ন এবং গলায় কাটা দাগ রয়েছে।

সদর থানার এসআই সাইফুল ইসলাম ধারণা করছেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। মরদেহের মাথার পেছনে, ঘাড় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি প্রায় বিচ্ছিন্ন হাত অবস্থায় ছিল।

এসআই সাইফুল ইসলাম আরও জানান, মরদেহ শনাক্ত করার জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।