ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং পবিত্র কুরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশটি পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর ‘চরমোনাই দর্পণ’ নামের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে সৈয়দ ফয়জুল করিমকে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে দেখা যায়।
নোটিশে আরও বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
নোটিশদাতার পক্ষ থেকে ফয়জুল করিমকে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিম্নলিখিত পদক্ষেপ নিতে বলা হয়েছে: ১. সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে। ২. নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
যদি তিনি এই সময়ের মধ্যে উল্লিখিত দাবিগুলো পূরণ না করেন, তবে নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।