শেরপুর কারাগারে হাজতির মৃত্যু

0
32

শেরপুর জেলা কারাগারে মো. বাচ্চু মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত বাচ্চু মিয়া শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

কারা সূত্রে জানা গেছে, তিন মাস আগে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে বাচ্চু মিয়া শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়।

শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাচ্চু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠাই। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।