আক্রমণের ঝড় তুলেও একমাত্র গোলে জয় পেল আর্জেন্টিনা

0
35

এক মাস আগেই (৫ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলে সেবার ৩-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। আজও (শনিবার) মায়ামিতে সেই দাপটের পুনরাবৃত্তি ঘটালেও গোলের সামনে কিছুটা অদক্ষতা এবং ভেনেজুয়েলা গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে বড় ব্যবধানের জয় হাতছাড়া করেছে স্কালোনির দল। তবু ম্যাচ শেষে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা—স্কোরলাইন ১-০।

আজ ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে শুরু থেকেই একচেটিয়া দখলে রাখে আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণ সাজিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। ম্যাচে ৭৭ শতাংশ সময় বলের দখল ছিল আর্জেন্টিনার। তারা নেয় ১৭টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। কিন্তু একমাত্র গোলটি আসে জিওভান্নি লো সেলসোর পা থেকে।

অন্যদিকে, ভেনেজুয়েলা পুরো ম্যাচে নিতে পারে মাত্র ৫টি শট, যার কোনোটিই ছিল না লক্ষ্যে। প্রতিপক্ষ গোলরক্ষকের অসাধারণ সেভ এবং আর্জেন্টাইন ফরোয়ার্ডদের বারবার সুযোগ নষ্ট করা মিলিয়ে ব্যবধান বাড়াতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা।

তবুও লিওনেল স্কালোনির দল তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে, এবং ম্যাচ শেষে ভক্তদের মুখে ফুটেছে সন্তুষ্টির হাসি—যদিও স্কোরবোর্ডে তা প্রকাশ পায়নি প্রত্যাশিত মাত্রায়।