শারম আল-শেখে সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত

0
52
মিশরের জনপ্রিয় পর্যটন শহর শারম আল-শেখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুজন কাতারি নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম আল-কাহেরা নিউজ এবং কায়রোয় কাতারি দূতাবাস।
আল-কাহেরা নিউজ জানায়, দ্রুত গতিতে চলা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। গাড়িটিতে কাতারের পাঁচজন নাগরিক এবং একজন মিশরীয় চালক ছিলেন। দুর্ঘটনাস্থলেই তিনজন কূটনীতিক মারা যান।
দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মরদেহ আজ (রবিবার) দোহার উদ্দেশে পাঠানো হবে। আহত দুই কাতারি নাগরিককে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
সূত্র জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়ার আগে ওই কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছিলেন। গাজায় মানবিক সহায়তা ও শান্তি নিশ্চিত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরেই কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আলোচনাগুলো চলছিল।
এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সোমবার থেকে শারম আল-শেখে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এই সম্মেলনে গাজা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি যৌথভাবে সভাপতিত্ব করবেন। বিশ্বের অন্তত ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই সম্মেলনে অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই আকস্মিক দুর্ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফেলেছে।