হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (১২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।
ইউএনও শফিকুল ইসলাম জানান, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি জানতে পেরে রবিবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে বালু উত্তোলনের সময় কয়েকটি ট্রাক ভর্তি বালুসহ হাতেনাতে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্ত ১৪ জন হলেন—নুর উদ্দিন (৩৩), জাকারিয়া (২৬), শাহজাহান মিয়া (৩২), শাহীন মিয়া (২১), ওয়াহিদ মিয়া (২৩), আব্দুল করিম জুনেদ (১৯), মো. ইউসুফ (২৩), মো. এনামুল হক (১৯), মো. জামাল মিয়া (২১), রিপন মিয়া (২৪), নয়ন মিয়া (২২), মো. আতর আলী (৪২), মো. নুরুল ইসলাম (৪৩), ও মো. সারাজ মিয়া (৩০)। তারা সবাই চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।