জাতীয় পতাকা অবমাননার অভিযোগে যুবক আটক

0
43
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মিরাজ (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, জাতীয় সংগীত চলাকালীন সময়ে মিরাজ জাতীয় পতাকার দণ্ডে জুতা তুলছেন। ওই সময় তার আশপাশে আরও কয়েকজন তরুণ উপস্থিত ছিলেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর সুন্দরগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে মিরাজকে আটক করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানিয়েছে, ভিডিওটি সে প্রায় পাঁচ-ছয় মাস আগে ধারণ করেছিল। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।”
ওসি আরও জানান, জাতীয় পতাকা অবমাননার ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।