জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি, জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

0
32

স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১২ অক্টোবর) সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ঘোষিত পাঁচটি মূল দাবি হলো:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা
মিয়া গোলাম পরওয়ার জানান, পূর্ব ঘোষিত প্রথম ও দ্বিতীয় দফা কর্মসূচি (গণসংযোগ, গণমিছিল ও স্মারকলিপি পেশ) সফলভাবে শেষ হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ প্রমাণ করেছে, তাদের দাবির প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে।

সরকার দাবিগুলো মেনে না নেওয়ায় জামায়াত নিম্নলিখিত তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে:

১৪ অক্টোবর: রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে মানববন্ধন।

১৫ অক্টোবর: দেশের সকল জেলা শহরে মানববন্ধন।

তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না।