পটুয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাক ও ডাকাতির সরঞ্জামাদিসহ আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) বিকেলে সদর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের মহাশশ্মান সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মালামাল পরিবহনের একটি বড় ট্রাক, একটি কাটার, দুইটি হাতুড়ি, নগদ আট হাজার ৩০০ টাকাসহ বিভিন্ন মডেলের বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডাকাতির উদ্দেশ্যে তারা পটুয়াখালী শহরে জড়ো হয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কয়েকদিন আগে কলাপাড়া থানায় একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডাকাতি প্রস্তুতির মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।