নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পিআরের দাবি তোলা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ পদ্ধতি দেশের মানুষ গ্রহণ করবে না।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডিআরইউ মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।
প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অপ্রচার চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলার শক্তি বাংলাদেশের মানুষের আছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বিরুদ্ধে অপ্রচার চলছে, বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের পক্ষে। আপনারা অপ্রচারে কান দিবেন না।
তিনি বলেন, পিআর পদ্ধতির বিষয়ে জনগণ বোঝে না, সেই পদ্ধতি নিয়ে কয়েকটি দল আন্দোলন করছে। এর কারণ হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করা।
কিছু মানুষ ৭১ এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে সেটিকে নষ্ট না করার অনুরোধ জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।