পাকিস্তানে পাল্টা হামলার কথা স্বীকার করল আফগান তালেবান

0
63
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নতুন এক মাত্রায় পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ওপর পাল্টা হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে আফগান তালেবান সরকার। এই হামলা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের উত্তরের পাহাড়ি অঞ্চলগুলোতে সংঘটিত হয়।
তালেবান জানিয়েছে, এটি ছিল ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’। তাদের দাবি অনুযায়ী, পাকিস্তানি সামরিক বাহিনী আগেই আফগান ভূখণ্ডে অনুপ্রবেশ করে একটি বাজারে বোমা হামলা চালায়, যা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তালেবান বাহিনীর হামলাকে ‘অকারণ ও আগ্রাসনমূলক’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই হামলায় বেসামরিক নাগরিকরাও লক্ষ্যবস্তু হয়েছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ইটের জবাবে পাথর মারবে।’
সীমান্ত এলাকায়, বিশেষ করে কুনার ও কুররম জেলায়, দুই পক্ষই হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কুররম জেলার জিরো পয়েন্টে মোতায়েন থাকা এক পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আফগান দিক থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়।
একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, বাজৌর, আঙ্গুর আড্ডা, দির, চিত্রাল এবং বারামচা এলাকাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে।
ঘটনার সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি ভারতের সফরে ছিলেন। এ সফরের সময় দিল্লি ঘোষণা দেয়, তারা কাবুলে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনা করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই সময়টিকেই কৌশলগতভাবে ‘উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারতের মতো আফগানিস্তানকেও কঠোর জবাব দেওয়া হবে।’
উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক শক্তিগুলো শান্তির বার্তা দিয়েছে। পাকিস্তানের সঙ্গে সদ্য প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরকারী সৌদি আরব দুই পক্ষকে সংযম দেখানোর অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে কাতারও সীমান্তে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী- বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)- কে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। ইসলামাবাদের দাবি, এসব গোষ্ঠী পাকিস্তানে শরিয়া আইনের নামে সহিংসতা চালাতে চায়। তবে তালেবান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সম্প্রতি তালেবান অভিযোগ তোলে, পাকিস্তান সীমান্ত লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের একটি বাজারে বোমা হামলা চালায়, যেখানে দোকানপাট ধ্বংস হয় এবং কাবুলজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সূত্র: বিবিসি