বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তাঁকে স্বাগত জানান।
এর আগে, বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করেন।
প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়াও তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।