গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি শুরু, প্রথম দফায় ৭ জনকে হস্তান্তর

0
50

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে প্রথম দফায় ৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

 ইসরায়েলের সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে, হামাস এই জিম্মিদের গাজায় রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে।

জিম্মিদের একজন বাবার ভাষ্যমতে, ১৫ মিনিটের মধ্যেই মুক্তিপ্রাপ্তদের ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এর কাছে হস্তান্তর করা হবে এবং এরপর তারা ইসরায়েলে পৌঁছাবেন।

গাজা যুদ্ধ নিয়ে হওয়া সমঝোতা অনুযায়ী, হামাস মোট ৪৮ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। ধারণা করা হয়, এর মধ্যে ২০ জন জীবিত আছেন।

বিবিসির প্রতিবেদনে জীবিতদের মধ্যে যাদের নাম উঠে এসেছে, তারা হলেন:

  • অ্যারিয়েল কুনিও ও তার ভাই ডেভিড কুনিও (২০২৩ সালের ৭ অক্টোবর অপহৃত)। অ্যারিয়েল পরিবারের কাছে পাঠানো শেষ বার্তায় বলেছিলেন, “আমরা একটা হরর মুভির মধ্যে আছি।”

  • এভিয়াটার ডেভিড (নোভা উৎসব থেকে অপহৃত)।

  • গালি ও জিভ বারম্যান (২৮ বছর বয়সী জমজ ভাই, কিবুৎয কেফার আজা থেকে অপহৃত)।

  • ওমরি মিরান (৪৮ বছর বয়সী, জীবিতদের মধ্যে সবচেয়ে বয়সী)।

এছাড়াও মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা অন্য জিম্মিরা হলেন: মাতান আংরেস্ট (২২), মাতান জানগৌকার (২৫), নিমরদ কোহেন (২১), গাই গিলবোয়া ডালাল (২৪), ইয়োসেফ চাইম ওহানা (২৫), এলকানা বহবত (৩৬), আভিনাতান ওর (৩২), এইতান ওর (২৫), বার কুপারশটেইন (২৩), সেগেভ কালফন (২৭) ও রম ব্রাসলাভস্কি (২১)।