২০% বাড়িভাড়া ভাতার দাবিতে দেশজুড়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

0
102

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ (সোমবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।

রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই কর্মবিরতির ঘোষণা দেন।

অধ্যক্ষ আজিজী বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না।” তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে তারা শ্রেণিকক্ষে ফিরবেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ তাদের সরাতে গেলে উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করলে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

সংগঠনটির নেতারা জানান, সরকার ঘোষিত বর্তমান বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি করছেন।