নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে একজন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
অভিযুক্ত কর্মচারী হলেন মো. আবু সুফিয়ান মোল্লা, যিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।
অভিযোগ ও কর্তৃপক্ষের আদেশে বলা হয়েছে:
তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ বিভাগীয় মামলা রুজু করার সিদ্ধান্ত নিয়েছে।
অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক।
এই কারণে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এর বিধান মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

