দুই মৌসুমি ঘূর্ণিঝড় ‘প্রিসিলা’ এবং ‘রেমন্ডের’ আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের জেরে মেক্সিকোতে এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন এবং আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতির তথ্য অনুসারে, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর ৫টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। রাজ্যভিত্তিক নিহতের সংখ্যা নিম্নরূপ:
ভেরাক্রুজ: ১৮ জন
হিদালাগো: ১৬ জন
পুয়েবলা: ৯ জন
কুয়েরেতারো: ১ জন
মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের প্রভাবে গত ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকোজুড়ে ব্যাপক ভারী বর্ষণ হয়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার (২১ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলা ব্যাপক এই প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে মোট ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া এখনও ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।
৯ অক্টোবরের পর থেকে ঝড় ও বৃষ্টির তেজ কমতে শুরু করলে জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় বলেছেন, “রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করা হবে। কেউ বাদ যাবে না।”