দেশে আরও একটি ১/১১ সৃষ্টির পাঁয়তারা চলছে: রাশেদ খান

0
42

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন যে নির্বাচনের আগে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে এবং এসবের মাধ্যমে দেশে আরও একটি ১/১১ সৃষ্টি করার পাঁয়তারা হতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং হুঁশিয়ারি দেন যে, “আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না।”

রাশেদ খান তার পোস্টে লেখেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে। খোলা চোখে এটিকে সাধারণ চাকরিজীবী বা শিক্ষার্থীদের আন্দোলন মনে হলেও, এর ভেতরে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা থাকবে। তার মতে, এসব আন্দোলনের মূল উদ্দেশ্য থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১/১১ সৃষ্টি করা। এমন আন্দোলনের উদাহরণ দিতে গিয়ে তিনি আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করার অভিযোগ তোলেন এবং বলেন যে এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিল।

গণ অধিকার পরিষদের এই নেতা সতর্ক করেন যে, ঠিক এখন বা সামনে যত আন্দোলন হবে, তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে। তিনি বলেন, ভারত ও আওয়ামী লীগ সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অচল বা ব্যর্থ করতে তৎপর। তিনি সাধারণ আন্দোলনকারী চাকরিজীবী ও শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেছেন। তিনি মনে করিয়ে দেন, যৌক্তিক দাবিদাওয়ার আন্দোলনকে যেন পতিত স্বৈরাচারের দোসররা রাজনৈতিক কাজে ব্যবহার করতে না পারে, সেদিকে স্বয়ং আন্দোলনকারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার এবং কোনোভাবেই যেন তা জনগণের ভোগান্তির কারণ বা রাষ্ট্র অচল হয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। একই সাথে তিনি সরকারকে দাবির যৌক্তিকতায় দ্রুত আন্দোলন মেনে নিতে বলেন।

গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, সবাইকে অনুধাবন করতে হবে, সরকার ঘোষিত সময়ে নির্বাচন না হলে এই দেশে ১/১১-এর মতো সংকট সৃষ্টি হবে। সেই সংকটে ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের জেলে ঢোকানো হবে। তবে যারা লিয়াজোঁ করবে, তারা হয়তো নতুন ১/১১-এর সরকারে থেকে যাবে। আর যারা গণ-অভ্যুত্থানের শক্তি ছিল, তাদেরকে একে একে ফাঁসিতে ঝোলানো হবে। তিনি সবাইকে ভেবেচিন্তে কাজ করার পরামর্শ দিয়ে বলেন, যারা মনে করছেন, আওয়ামী লীগ ফিরলে তার কোনো ক্ষতি হবে না, তারাই সবার আগে বিপদে পড়বেন। আরেকটি ১/১১-এর মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না।