দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল মঙ্গলবার (অক্টোবর ১৪, ২০২৫) থেকে এই নতুন দাম কার্যকর হবে। স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৬১৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ৩ টাকায় এবং ১৮ ক্যারেটের ভরি দাঁড়াবে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরির নতুন দাম হবে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।