জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে নিজের অসন্তোষের কথা তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে ‘চিহ্নিত আওয়ামী লীগ নেতা–কর্মীদের দলে নেওয়ার’ বিষয়ে দলের অবস্থান তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন। তিনি লেখেন, “আমি আশা করেছিলাম বিপ্লব-পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।”
ফিরোজ আলমগীর পদত্যাগপত্রে এনসিপি যেন আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ত্যাগকে শ্রদ্ধা জানায় এবং জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে কাজ করে সেই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে তিনি এনসিপির কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছেন না, তাই পদ ও দলের সব কার্যক্রম থেকে পদত্যাগ করছেন।
মোবাইল ফোনে ফিরোজ আলমগীর তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, পদত্যাগপত্রে বিস্তারিত কারণ লেখা আছে। এ ব্যাপারে এনসিপির জেলার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু বলেন, তিনি ফিরোজ আলমগীরের পদত্যাগের বিষয়টি শুনেছেন এবং ফেসবুকে পদত্যাগপত্রটি দেখেছেন।