জেন-জি বিক্ষোভের মুখে দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

0
27

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে সরকারবিরোধী তুমুল আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

দীর্ঘদিন ধরে মূলত ‘জেন-জি’ (Gen Z) তরুণদের নেতৃত্বে চলা এই ব্যাপক বিক্ষোভের জেরে তিনি ফরাসি সামরিক বাহিনীর একটি বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহের এই লাগাতার বিক্ষোভের মুখে মাদাগাস্কারে বিশ্বে দ্বিতীয় সরকারের পতন ঘটল। দেশটির সংসদের বিরোধীদলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানাসোলোনিয়াইকো জানিয়েছেন, প্রেসিডেন্ট রাজোয়েলিনা রোববার (অক্টোবর ১৩, ২০২৫) দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিটের বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পরই মূলত প্রেসিডেন্ট পালাতে বাধ্য হন।

সিতেনি আরও বলেন, “আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি, তিনি দেশ ছেড়েছেন।” তবে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছিল, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাজোয়েলিনা। কিন্তু সেই বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানানো হয়নি। ভাষণের পূর্বেই আন্তানানারিভো সিটি হলের সামনের একটি চত্বরে মানুষজন জড়ো হয়ে পতাকা উড়িয়ে স্লোগান দিতে শুরু করে। এদের মধ্যে ক্যাপস্যাট ইউনিটের সৈন্যরাও ছিলেন, যারা ২০০৯ সালের অভ্যুত্থানে রাজোয়েলিনাকে প্রথম ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ইউনিটের সৈন্যরা শনিবার ঘোষণা করে যে, তারা বিক্ষোভকারীদের ওপর ‘গুলি চালানোর আদেশ প্রত্যাখ্যান করবে’। সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ ঘোষণার পরই প্রেসিডেন্ট রাজোয়েলিনার ক্ষমতার পতনের সময় দ্রুত ঘনিয়ে আসে।