সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩০১ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। অন্যান্য বিভাগে নতুন আক্রান্তের সংখ্যা হলো: ঢাকা বিভাগে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, রংপুর বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন।
চলতি বছরে (জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৬ হাজার ২৫৭ জন। আক্রান্তদের মধ্যে ৬১.১ শতাংশ পুরুষ এবং ৩৮.৯ শতাংশ নারী।
তুলনামূলকভাবে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। অন্যদিকে, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।